কন্যাসন্তানের মা হলেন বুবলী, নিজেই জানালেন সুখবর
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জুন ৫, ২০২৬
চিত্রনায়িকা শবনম বুবলী দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে শুক্রবার বিকেলে নিজেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ফেসবুক পোস্টে বুবলী জানান, গত ১১ মে তিনি কন্যাসন্তানের মা হয়েছেন। মেয়ের নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভক্তদের দোয়া কামনা করেন।
পোস্টে বুবলী লেখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। যারা আমাদের জন্য দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।”
তিনি পোস্টে চিত্রনায়ক শাকিব খানকেও ট্যাগ করেন বলে জানা গেছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি পোস্টকে ঘিরে বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
অ্যাডলফ খান গণমাধ্যমে জানান, তিনি ব্যক্তিগত সূত্রে খবরটি পেয়েছেন এবং বিষয়টি সংশ্লিষ্টদেরই আনুষ্ঠানিকভাবে জানানোর কথা।
শোনা যাচ্ছে, সন্তান জন্মদানের সময় বুবলী যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। তবে এ বিষয়ে তিনি আগে প্রকাশ্যে কিছু জানাননি।
উল্লেখ্য, এর আগেও ২০২০ সালে বুবলীর মা হওয়ার গুঞ্জন তৈরি হয়েছিল। পরে দুই বছর পর শাকিব খান ও বুবলী যৌথভাবে তাদের সন্তানের বিষয়টি প্রকাশ করেন।



