মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

ডেল্টা আর্ন্তজাতিক

ডেল্টা আর্ন্তজাতিক

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬

বিশ্বসুন্দরীর মুকুট উঠল ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেসের মাথায়।

শিক্ষকতা, মডেলিং ও সমাজসেবার পাশাপাশি এবার মিস ওয়ার্ল্ড ২০২৬-এর খেতাবও অর্জন করলেন তিনি।

শনিবার সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত হয় মিস ওয়ার্ল্ডের ৭৩তম আসরের গ্র্যান্ড ফিনালে। এতে বিশ্বের ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জিতে নেন জোহেইরি মোলা।

প্রথা অনুযায়ী, গত বছরের মিস ওয়ার্ল্ড থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস আলাবের্ন। আর দ্বিতীয় রানারআপ হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।

চূড়ান্ত পর্বের শীর্ষ ছয়ে জায়গা করে নেয় ইরিত্রিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ডোমিনিকান রিপাবলিক, স্পেন ও দক্ষিণ আফ্রিকা।

এদিকে নাইজেরিয়ার প্রতিযোগী তামুনোসোয়ে কারিবি-জর্জ জিতে নিয়েছেন ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’। এর মাধ্যমে শীর্ষ ১২-তে জায়গা করে নেন তিনি।

তবে শুধু সৌন্দর্য নয়, জোহেইরি মোলার রয়েছে শিক্ষা ও সমাজসেবায়ও পরিচয়।

তিনি বিজনেস ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি পেশাদার মডেল হিসেবে কাজ করার পাশাপাশি সাহিত্য ও সমাজবিজ্ঞানের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সমাজসেবামূলক কাজেও যুক্ত রয়েছেন এই বিশ্বসুন্দরী। ‘ভয়েসেস অব টুমোরো’ নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি তিনি।

প্রতিষ্ঠানটি আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের ইংরেজি শেখানো এবং তাদের মানসিক ও সামগ্রিক বিকাশে কাজ করে।

মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের পর এখন আন্তর্জাতিক অঙ্গনে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের হয়ে কাজ করবেন জোহেইরি মোলা। পাশাপাশি ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচারণার অন্যতম মুখ হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭৪তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তানজানিয়ায়।