দেশে এলো হাম ও টিটেনাসের ২৪ লাখ টিকা
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মে ৬, ২০২৬
সারাদেশে টিকাদান কর্মসূচি জোরদার করতে ইউনিসেফ ও গাভির মাধ্যমে বড় ধরনের ভ্যাকসিনের চালান দেশে পৌঁছেছে। আজ বুধবার (৬ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামের ১৫ লাখ এবং টিটেনাস-ডিপথেরিয়ার (টিডি) ৯ লাখ ডোজ ভ্যাকসিন এসে পৌঁছায়। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বিমানবন্দরে উপস্থিত থেকে এই চালান গ্রহণ করেন।
টিকা গ্রহণ শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার দেশের ইপিআই (EPI) কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতে ওপেন টেন্ডারের পরিবর্তে সরাসরি ইউনিসেফের মাধ্যমে ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সরকার ইতোমধ্যে ইউনিসেফকে ৮৩.৬ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে, যার মাধ্যমে মোট ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের প্রক্রিয়া চলছে।
মন্ত্রী আরও জানান, গত ৩ মে ১৫ লাখ আইপিভি ভ্যাকসিন আসার পর আজ হাম ও টিটেনাসের এই বিশাল চালান এলো। আগামী ১০ মে’র মধ্যে আরও ১ কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছানোর কথা রয়েছে। তিনি আশ্বস্ত করেন যে, নতুন এই সরবরাহের ফলে আগামী ৮ থেকে ১২ মাস দেশে ভ্যাকসিনের কোনো ঘাটতি হবে না।
বর্তমানে দেশে চলমান ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ৫ মে পর্যন্ত লক্ষ্যমাত্রার ৯৩ শতাংশ বা ১ কোটি ৬৮ লাখের বেশি শিশুকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। কোল্ড চেইন বজায় রেখে গুণগত মান নিশ্চিত করে দ্রুত শতভাগ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এসময় তিনি শিশুদের টিকাদান নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতা কামনা করেন।
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্যসচিব এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার উপস্থিত ছিলেন।



