ঈদ উপলক্ষে দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, মে ৮, ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ মে থেকে দেশের দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদুল আজহা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
এত দিন দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকলেও ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের আবেদনের পর সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রজ্ঞাপন এখনো জারি হয়নি।
সমিতির সভাপতি হেলাল উদ্দিন এক ভিডিও বার্তায় জানান, ঈদ উপলক্ষে দোকানপাট ও বিপণিবিতান রাত ১১টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছিল। তবে সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে।
তিনি আরও জানান, অতিরিক্ত আলোকসজ্জা ও বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা দেয় সরকার। পরে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের পর ৫ এপ্রিল থেকে দোকান বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত নির্ধারণ করা হয়।



