রাজনৈতিক স্থিতিশীলতায় শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, মে ১২, ২০২৬
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দেশে একটি স্থিতিশীল পরিবেশ গড়ে তোলা জরুরি।
মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১৫৬ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ১৭ জন শিক্ষার্থী সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করেন।
একজন শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “ধীরে ধীরে সবকিছু গড়ে তুলতে হলে দেশে একটি স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। আমরা যদি তা নিশ্চিত করতে না পারি, তাহলে কোনো উন্নয়নই টেকসই হবে না। একবার কিছু তৈরি হবে, আবার তা ভেঙে পড়বে।”
তিনি রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব মাধ্যমে এ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। “রাজনীতি সংসদে হওয়া উচিত, শুধু রাজপথে হৈচৈ করে কিছু গড়ে তোলা যায় না”— বলেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, “আপনারাই ভবিষ্যৎ। কাজেই আপনাদের শক্ত হতে হবে, প্রতিবাদ করতে হবে এবং দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।”
তিনি শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার পরামর্শ দেন। এতে আন্তর্জাতিক চাকরির বাজারে আরও বেশি সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।
সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার প্রসঙ্গে তারেক রহমান বলেন, সাংস্কৃতিক চর্চা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। সরকার স্কুল পর্যায়ে ৪ থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষার ব্যবস্থা করছে বলেও জানান তিনি। পাশাপাশি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু এবং সংগীত শিক্ষার উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন।
মতবিনিময় সভায় এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বালিশ কেনা নিয়ে আলোচিত দুর্নীতির প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী। একটি বালিশের দাম ৮০ হাজার টাকা হওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, “এত দামের বালিশে আদৌ ঘুম হবে কি?”
এসময় তিনি সাবেক সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা পাচার এবং মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়েও কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মোর্শেদ হাসান খান, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ছাত্রদলের নেতারা।



