রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, মে ১২, ২০২৬
মোঃ সাহাবুদ্দিন-এর হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ায় যুক্তরাজ্যে জরুরিভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাতে বঙ্গভবনের প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হকের বরাতে প্রেস উইং জানায়, যুক্তরাজ্যের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতাল-এ রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়। ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলি-র তত্ত্বাবধানে এ পরীক্ষা করা হয়।
পরীক্ষাকালে হৃদযন্ত্রের একটি ধমনীতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং একটি স্টেন্ট বসানো হয়। বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
রাষ্ট্রপতি তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল-এ রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এরপর থেকে হৃদযন্ত্র-সংক্রান্ত জটিলতার ফলো-আপ চিকিৎসার অংশ হিসেবে তিনি ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।
বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য পরিচিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতাল বিশ্বের প্রথম সফল হার্ট ট্রান্সপ্লান্ট সম্পন্নকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম।
গত ৯ মে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।



