হামে আক্রান্ত শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, মে ১৩, ২০২৬
হামে আক্রান্ত কেরানীগঞ্জের ছয় মাস বয়সী শিশু নূর নাহারের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন ডা. জুবাইদা রহমান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর বোর্ড অব ডিরেক্টরস কমিটির ভাইস প্রেসিডেন্ট।
‘হামে ৬ মাসের শিশুর গুরুতর, মায়ের কাছে টাকা নেই, জানেন না কী করবেন’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি তাঁর নজরে আসে। এরপর তিনি শিশুটির চিকিৎসা ও পরিবারের সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বিএনপি পরিবার-কে।
এর ধারাবাহিকতায় বুধবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল-এ গিয়ে শিশুটির মা স্বর্ণা আক্তারের সঙ্গে দেখা করেন সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। তারা শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতের উদ্যোগ গ্রহণ করেন।
প্রতিনিধিদলটি জানায়, অসহায় পরিবারটির পাশে থাকার পাশাপাশি শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, আব্দুল্লাহ আল মিসবাহ ও মশিউর রহমান মহানসহ অন্যরা।
জানা গেছে, কেরানীগঞ্জের বাসিন্দা স্বর্ণা আক্তারের মেয়ে নূর নাহার হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। দীর্ঘদিন ধরে জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিল শিশুটি। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ছয় মাস বয়সী শিশুর স্বাভাবিক ওজন যেখানে ৭ থেকে ৯ কেজি হওয়ার কথা, সেখানে নূর নাহারের ওজন নেমে এসেছে মাত্র ৩ কেজিতে।
অর্থসংকটের কারণে শিশুটির চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছিলেন তার মা। হাসপাতালের খরচ জোগাতে প্রতিবেশীদের কাছ থেকে ধার করতে হয়েছে তাঁকে। এমনকি টাকার অভাবে একপর্যায়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকেও ফিরে যেতে বাধ্য হন তিনি।



