ঈদযাত্রায় শ্রমিকদের জন্য সুখবর, জাহাজ-লঞ্চ ভাড়ায় ১০ শতাংশ ছাড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩:০৫ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৬
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে শ্রমিকদের বাড়ি ফেরা সহজ ও স্বস্তিদায়ক করতে দেশের সব নৌরুটে জাহাজ ও লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে শ্রমিকদের ঈদ বোনাস ও বেতন সময়মতো পরিশোধ নিশ্চিত করতে মালিকপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার সিরড্যাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন আব্দুর রহমান তরফদার। প্রধান অতিথি ছিলেন আরিফুল হক চৌধুরী।
সভায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জানান, ঈদে ঘরমুখো শ্রমজীবী মানুষের যাতায়াত ব্যয় কিছুটা কমিয়ে আনতেই দেশের সব নৌরুটে এই বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের যাত্রীরা এ সুবিধা পাবেন।
সভায় শ্রমমন্ত্রী আগামী ২১ মের মধ্যে দেশের সব শিল্পকারখানায় শ্রমিকদের ঈদ বোনাস এবং নির্ধারিত সময়ের মধ্যে বেতন পরিশোধের নির্দেশ দেন। তিনি বলেন, “শ্রমিকদের ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”
সড়কে অতিরিক্ত চাপ ও যানজট কমাতে পর্যায়ক্রমে শিল্পকারখানায় ছুটি দেওয়ারও আহ্বান জানানো হয়। মালিক ও শ্রমিকপক্ষের সমন্বয়ের মাধ্যমে ছুটির সময়সূচি নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে।
সভায় শ্রমিক নেতারা বলেন, সময়মতো বেতন ও বোনাস পরিশোধ করা গেলে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি হবে না। তবে যেসব কারখানায় এখনো বকেয়া বেতন রয়েছে, সেখানে দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানান তারা।
শ্রমিক প্রতিনিধিরা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত বাস, ট্রেন ও লঞ্চ সার্ভিস চালুরও আহ্বান জানান।
সভায় আরও জানানো হয়, বেতন-বোনাস পরিশোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ ও শিল্প পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, ঈদকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মালিক-শ্রমিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



