রাত ১টার মধ্যে ঝড়-বৃষ্টির সতর্কতা, ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়ের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩:১৫ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৬
ঢাকাসহ দেশের আটটি অঞ্চলে বৃহস্পতিবার (১৪ মে) রাত ১টার মধ্যে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
যে আটটি অঞ্চলের ওপর সতর্কতা জারি করা হয়েছে, সেগুলো হলো—ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন বিভাগে ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে সতর্ক করা হয়েছে।



