বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৯তম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৬
বিশ্বের বিভিন্ন শহরের মতো রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সমস্যায় ভুগছে। তবে সর্বশেষ বায়ুর মান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-এএকিউআই) অনুযায়ী, বর্তমানে ঢাকার বাতাসের মান জনস্বাস্থ্যের জন্য মাঝারি পর্যায়ে রয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার এএকিউআই স্কোর ৮৪। এই স্কোর অনুযায়ী শহরটির বায়ুর মান ‘মাঝারি’ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সময়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৯তম।
এদিন ১৭৭ এএকিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয় অবস্থানে ছিল ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ১৬৩। তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৬১। এছাড়া চিলির রাজধানী সান্তিয়াগোর স্কোর ১৪০ এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসার স্কোর ১৩৪, যা তাদের যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রেখেছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এএকিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-কে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-কে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। বিশেষজ্ঞদের মতে, এএকিউআই ২০১-এর বেশি হলে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের ঘরের বাইরে চলাফেরা সীমিত রাখা উচিত। আর ৩০১-এর বেশি হলে তা সবার জন্যই গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।



