অক্টোবরে ঘূর্ণিঝড়ের আভাস, বাড়তে পারে নদীর পানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৬
অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
চলতি মাসে ভারী বৃষ্টিপাত হলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় নদ-নদীর পানি সাময়িকভাবে দ্রুত বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। ১ অক্টোবর অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মোমিনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসটি প্রকাশ করা হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবরের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সময়ে তিন থেকে চার দিন বজ্রঝড় হতে পারে।
তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অক্টোবরের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
নদ-নদীর অবস্থা
অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় নদ-নদীর পানি সাময়িকভাবে দ্রুত বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলেও সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া নিশ্চিত নয়। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সময়ে এ বিষয়ে আরও নির্দিষ্ট পূর্বাভাস পাওয়া যাবে।



