বিরোধীদলীয় নেতার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:২৩ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৬

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউনও উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী করা, চলমান সংস্কার কার্যক্রম এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের বিষয়েও আলোচনা হয়।

উভয়পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করে।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং সহকারী ব্যক্তিগত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম।