তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস, বজ্রপাতের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬
দেশের তিন বিভাগে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১৫ মে) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।
এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ওপর দিয়ে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাতের প্রবণতা তৈরি হয়েছে। আগামী কয়েকদিনও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
এদিকে আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বজ্রপাত ও ভারী বর্ষণের সময় অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পাশাপাশি নদী ও খোলা স্থানে অবস্থানকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



