দেশে বাড়ছে হামের সংক্রমণ, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১২ শিশুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি আটজনের মধ্যে হামের উপসর্গ ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১৯২ জন। আর গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে।
একই সময়ে নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ১১১ জন। গত দুই মাসে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে সাত হাজার ৪১৬ জন।
এদিকে, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ হাজার ৫৫ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই মাসে সন্দেহজনক হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৭ জনে।
অন্যদিকে, নিশ্চিত হামে গত একদিনে চারজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট ৭৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা না গেলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে।



