কুমিল্লাকে বিভাগ ঘোষণার আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, মে ১৬, ২০২৬

তারেক রহমান বলেছেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি যদি জনগণের দাবি হয়ে থাকে, তাহলে তা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও ইতিবাচক আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার (১৬ মে, ২০২৬) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী কুমিল্লাকে বিভাগ ঘোষণা, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয়, সরকারে এলে সেই ওয়াদা পূরণ করে।”

বক্তব্যে তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কথাও তুলে ধরেন। তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-পুরোহিতদের সম্মানী কার্যক্রম শুরু হয়েছে।

দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “জনগণই দেশের মালিক। মালিক যখন দায়িত্ব নেয়, তখনই দেশ এগিয়ে যায়।”

পথসভায় স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।