সবার আগে কারা পাবেন প্রবাসী কার্ড? জানাল সরকার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, মে ১৬, ২০২৬

বাংলাদেশে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পর এবার চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’। আগামী দুই মাসের মধ্যেই বৈধ প্রবাসী বাংলাদেশিদের হাতে এই কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে যাদের কাছে আগে থেকেই বিএমইটি কার্ড রয়েছে, তারাই অগ্রাধিকার ভিত্তিতে নতুন এই প্রবাসী কার্ড পাবেন বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সরকার বলছে, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করা এবং প্রবাসীদের জন্য একটি সমন্বিত ডিজিটাল পরিচয় ও সেবা ব্যবস্থা গড়ে তুলতেই এই কার্ড চালু করা হচ্ছে।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানিয়েছেন, বর্তমানে যেসব প্রবাসীর বিএমইটি কার্ড রয়েছে, তাদের তথ্যের ভিত্তিতেই প্রাথমিকভাবে প্রবাসী কার্ড দেওয়া হবে। পরে নতুন আবেদনকারীদেরও নিবন্ধনের মাধ্যমে এই সুবিধার আওতায় আনা হবে।

সরকারি সূত্র জানায়, নতুন এই কার্ডে শুধু পরিচয় তথ্যই নয়, যুক্ত থাকবে ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট সুবিধাও। কার্ডধারীরা ডুয়েল কারেন্সি ব্যবস্থায় বিদেশি মুদ্রা ও বাংলাদেশি টাকায় লেনদেন করতে পারবেন। একই সঙ্গে অনলাইনে পরিবারকে পণ্য কিনে দেওয়া বা নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যবহারের সুবিধাও থাকবে।

এছাড়া কিউআর কোডভিত্তিক ডিজিটাল পরিচয় ব্যবস্থা থাকায় প্রবাসীদের তথ্য দ্রুত যাচাই করা যাবে। সরকারের দাবি, বিমানবন্দরসহ বিভিন্ন সেবাখাতে হয়রানি কমাতেও এই কার্ড কার্যকর ভূমিকা রাখবে।

মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশির তথ্য সংরক্ষণের উদ্যোগ চলছে। যাদের বিএমইটি কার্ড নেই, তারাও নির্ধারিত ফি দিয়ে নিবন্ধনের মাধ্যমে ভবিষ্যতে প্রবাসী কার্ড পেতে পারবেন।

সরকার আরও জানিয়েছে, বিভাগীয় ও জেলা শহরভিত্তিক পরিকল্পিত ‘প্রবাসী সিটি’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে আবাসন বা প্লট কেনার ক্ষেত্রেও প্রবাসী কার্ডধারীরা বিশেষ সুবিধা পাবেন।

তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, আগের বিএমইটি কার্ড প্রত্যাশিত সুবিধা দিতে পারেনি। তাই নতুন প্রবাসী কার্ড কার্যকর ও বাস্তবসম্মত করতে সেবাগুলো বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দিতে হবে।