সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে-স্কেল আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকেই ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রণালয় সূত্র জানায়, পুরো বেতন কাঠামো তিন অর্থবছরে বাস্তবায়ন করা হতে পারে। এর মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে নতুন মূল বেতনের বর্ধিত অংশের ৫০ শতাংশ কার্যকর হতে পারে। পরবর্তী ২০২৭-২৮ অর্থবছরে বাকি ৫০ শতাংশ যোগ করা হবে। আর ২০২৮-২৯ অর্থবছরে বিভিন্ন ভাতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, মূল্যস্ফীতির ওপর চাপ কমানো এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়েই ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এছাড়া পেনশনারদের জন্য আরও প্রায় ২৫ হাজার কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ লাগতে পারে।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার গত বছর জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশনটি চলতি বছরের ২২ জানুয়ারি সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা গ্রেডভেদে ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।