ভূমি সেবা পেতে আর হয়রানি ও দুর্নীতির শিকার হতে হবে না: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬
দেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার মাধ্যমে জনগণকে আর হয়রানি কিংবা দুর্নীতির শিকার হতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে ভূমি ব্যবস্থাপনাও আধুনিক করা হয়েছে। এখন নাগরিকরা ঘরে বসেই অনলাইনে জমিজমা সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। এছাড়া যারা অনলাইনে এসব কার্যক্রম পরিচালনায় অভ্যস্ত নন, তাদের জন্য চালু করা হয়েছে ভূমি সহায়তা সেবা কেন্দ্র।
তিনি জানান, বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে দেশের ৬১ জেলায় বর্তমানে ৮৯৩টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্র থেকে নির্ধারিত ফি’র বিনিময়ে নাগরিকরা সহজেই ভূমি সেবার আবেদন ও সরকারি ফি পরিশোধ করতে পারছেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এমন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দিতে ‘ভূমি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে।
তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনা যত বেশি প্রযুক্তিনির্ভর হবে, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিও তত সহজ হবে। অনলাইনভিত্তিক সেবা চালুর ফলে জমিজমা সংক্রান্ত দুর্ভোগ কমবে এবং ভূমি অফিসে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও হ্রাস পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে নির্ভুল ভূমি রেকর্ড তৈরিতে কাজ করছে ভূমি মন্ত্রণালয়। পাশাপাশি ভূমি প্রশাসনের প্রায় সব সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মানুষকে অযথা অফিসে ঘুরতে না হয় এবং দুর্নীতি ও হয়রানি থেকে মুক্তি পাওয়া যায়।
তিনি আরও বলেন, উন্নত বিশ্বের আদলে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন।
এবারের ভূমি সেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।
মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ে ভূমি সেবা পৌঁছে দেওয়া।



