১৬ ডিসেম্বর চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প চালুর লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেলেও দেশের বাজারে তা সহনীয় পর্যায়ে রাখতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, বিগত সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রয়োজনীয় টিকা সংগ্রহ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মন্ত্রী জানান, খুব শিগগিরই সারাদেশে হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে।

গণমাধ্যম প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, দেশে গণমাধ্যম ব্যবস্থাপনায় এক ধরনের অরাজকতা তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, আগামী জুন মাসের মধ্যে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে এবং জুলাইয়ের মধ্যে সেই কমিটির প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।

এছাড়া আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।