প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬

প্রিপেইড বিদ্যুৎ মিটার ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর এসেছে। দীর্ঘদিন ধরে আদায় করা মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সরকার। এর ফলে লাখো গ্রাহকের মাসিক অতিরিক্ত ব্যয় কমবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের কর্মসূচির অংশ হিসেবে জনদুর্ভোগ কমাতে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক চাপ কিছুটা লাঘব হবে বলে দাবি করা হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ইঙ্গিত দিয়েছিলেন যে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করা হতে পারে। সেই ঘোষণার পর থেকেই গ্রাহকদের মধ্যে এ বিষয়ে প্রত্যাশা তৈরি হয়।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি কিলোওয়াটে ৪২ টাকা ডিমান্ড চার্জ এবং সিঙ্গেল-ফেজ সংযোগের ক্ষেত্রে ৪০ টাকা মিটার ভাড়া পরিশোধ করতে হয়। এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাটও যুক্ত ছিল। ফলে অনেক গ্রাহক বিদ্যুৎ ব্যবহার না করলেও নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে বাধ্য হতেন।

দীর্ঘদিন ধরে এই চার্জ নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল। ভোক্তা অধিকার সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন একে অতিরিক্ত আর্থিক বোঝা হিসেবে উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল।

সংশ্লিষ্টদের মতে, নতুন সিদ্ধান্ত কার্যকর হলে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের মাসিক ব্যয় কমবে এবং বিদ্যুৎ সেবার প্রতি গ্রাহকদের আস্থা আরও বাড়বে। তবে এ সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা এখনও প্রকাশ করা হয়নি।