বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই সরকারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুন ১০, ২০২৬
দেশের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ ও অনুদান চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার।
বুধবার (১০ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চুক্তির আওতায় বিশ্বব্যাংক ২৮৪.৭০ মিলিয়ন এসডিআর, যা প্রায় ৩৭৯ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য, ঋণ হিসেবে প্রদান করবে। পাশাপাশি গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (GFF) থেকে আরও ২৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়া হবে।
প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য হলো সারা দেশে, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে স্বাস্থ্য ও পুষ্টি সেবার মান ও প্রাপ্যতা বৃদ্ধি করা। একই সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থাপনার সক্ষমতা ও স্থিতিশীলতা জোরদার করা এবং প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা সেবার গুণগত মান উন্নয়ন করা।
এছাড়া জলবায়ু-সহনশীল স্বাস্থ্য ও পরিচালন কাঠামো শক্তিশালী করার মাধ্যমে সেবার কার্যকারিতা ও সমতা নিশ্চিত করাও প্রকল্পের লক্ষ্য।
‘হেলথ অ্যান্ড নিউট্রিশন সার্ভিসেস ইমপ্রুভমেন্ট অ্যান্ড সিস্টেম স্ট্রেন্থেনিং প্রজেক্ট’ নামের প্রথম প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদপ্তর।
অন্যদিকে, জলবায়ু-সহনশীল প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা সেবা সংক্রান্ত দ্বিতীয় প্রকল্পটি বাস্তবায়ন করবে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।



