দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুন ১০, ২০২৬
চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ৩ হাজার ২০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা টাকার হিসাবে প্রায় ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ১৫ পয়সা ধরে)।
গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ২৫১ ডলার।
একই সময়ে দেশের অর্থনীতির আকার বা মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে ৫০১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
বুধবার (১০ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৫-২৬ অর্থবছরের সাময়িক হিসাব প্রকাশ করে এসব তথ্য জানায়।
বিবিএসের তথ্য অনুযায়ী, বিনিয়োগ ও সঞ্চয় স্থবিরতার মধ্যেও চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ।
খাতভিত্তিক হিসাবে সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে সেবা খাতে, যেখানে প্রবৃদ্ধি ৪ দশমিক ৫৯ শতাংশ। শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৮৬ শতাংশ এবং কৃষিতে ২ দশমিক ৭৮ শতাংশ।
গত বছরের তুলনায় কৃষি ও সেবা খাতে প্রবৃদ্ধি কিছুটা কমলেও শিল্প খাতে প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বিবিএস।



