তেলের দাম নিয়ে সতর্ক করল যুক্তরাষ্ট্র

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জুন ১০, ২০২৬

পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালি কার্যত অচল থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উচ্চ পর্যায়ে থাকতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) জানিয়েছে—জুন ও জুলাই মাসে ব্রেন্ট ক্রুড তেলের গড় মূল্য ব্যারেলপ্রতি প্রায় ১০৫ ডলারে পৌঁছাতে পারে।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথে তেল পরিবহন ব্যাহত হওয়ায় বৈশ্বিক সরবরাহ সংকট আরও তীব্র হতে পারে।  এর ফলে বাজারে তেলের দাম বর্তমান প্রায় ৯১ ডলার এবং যুদ্ধ শুরুর আগের প্রায় ৭০ ডলারের তুলনায় অনেক বেশি থাকতে পারে।

ইআইএ আরও জানায়, আগামী কয়েক সপ্তাহে তেল রপ্তানি সীমিত থাকবে এবং উৎপাদন ও মজুদ কমে আসতে পারে—এই পূর্বাভাসের ভিত্তিতেই দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

জ্বালানি বিশ্লেষকদের মধ্যেও একই ধরনের সতর্কতা দেখা গেছে।  মার্কিন বিনিয়োগ ব্যাংক জেপি মরগানের মতে, হরমুজ প্রণালি চলতি মাসে পুনরায় চালু হলেও তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের গড় মূল্য ব্যারেলপ্রতি প্রায় ১০৪ ডলার থাকতে পারে।

এদিকে ইআইএ’র পূর্বাভাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে কিছুটা ভিন্ন অবস্থান নিয়েছে।  ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, ইরানের সঙ্গে চুক্তি হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে আসবে।

তবে সরকারি পূর্বাভাসে এখনো উচ্চমূল্যের প্রবণতাই অব্যাহত থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম নিয়েও নতুন পূর্বাভাস দিয়েছে ইআইএ।  সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সালে দেশটিতে গ্যাসোলিনের গড় মূল্য প্রতি গ্যালন ৩ দশমিক ৯০ ডলার এবং ২০২৭ সালে ৩ দশমিক ৬৪ ডলার হতে পারে।

উচ্চ দামের কারণে বৈশ্বিকভাবে জ্বালানি ব্যবহার কিছুটা কমে এসেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  এতে ভোক্তাদের ব্যয় সংকোচন এবং বিভিন্ন অঞ্চলে জ্বালানি সাশ্রয়ী উদ্যোগের ফলে চাহিদা কিছুটা হ্রাস পেয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ তেল উৎপাদনের পূর্বাভাসও সামান্য বাড়ানো হয়েছে।  নতুন হিসাব অনুযায়ী, দৈনিক উৎপাদন ১ কোটি ৩৭ লাখ ব্যারেলে পৌঁছাতে পারে বলে জানিয়েছে ইআইএ।