ট্রাম্পের হুঁশিয়ারির জবাব দিল ইরান
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুন ১০, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির জবাবে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছে ইরান। চলমান উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার মধ্যেই দুই দেশের মধ্যে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
ট্রাম্প সম্প্রতি এক বিবৃতিতে বলেন, একটি চুক্তিতে পৌঁছাতে ইরান দীর্ঘ সময় নিয়েছে এবং এর “মূল্য চোকাতে হবে”। এর আগে হরমুজ প্রণালির কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তিনি ইরানকে দায়ী করেন।
এর পরপরই ইরানের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে মার্কিন হামলার ঘটনা ঘটে বলে দাবি করা হয়। পাল্টা প্রতিক্রিয়ায় বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান—এমন তথ্যও উঠে এসেছে।
এই পাল্টাপাল্টি হামলা ও বিবৃতির মধ্যেই নতুন করে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তবে তিনি বলেন, কোনো ধরনের কূটনৈতিক সমঝোতার জন্য স্থিতিশীল পরিবেশ অপরিহার্য।
তিনি আরও বলেন, “যুদ্ধবিরতি বারবার লঙ্ঘিত হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়া সম্ভব নয়। সাম্প্রতিক ঘটনাবলির পর পরিস্থিতি পুনর্মূল্যায়ন করতে হবে।”
বাঘেই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের বারবার পরস্পরবিরোধী বক্তব্য কূটনৈতিক প্রক্রিয়াকে দুর্বল করছে। একই সঙ্গে লেবাননে ইসরায়েলের সামরিক পদক্ষেপও আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রভাবিত করছে বলে মন্তব্য করেন তিনি।



