মানুষের পাশে নয়, অশান্তি তৈরিতেই ব্যস্ত বিরোধী দল: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধী দলের মূল লক্ষ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, বরং অস্থিতিশীলতা ও অশান্তি সৃষ্টি করা। সদ্য ঘোষিত বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হলেও বিরোধী দল তার বিরোধিতা করছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “এবারের বাজেট ঘোষণার পর এখন পর্যন্ত কোনো পণ্যের দাম বাড়েনি। বরং ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমিয়ে দেওয়া হয়েছে। মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোই এর উদ্দেশ্য।”
তিনি বলেন, “কর বাড়ানো হয়েছে শুধু মদ ও সিগারেটের ওপর, কারণ এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু বিরোধী দল সেটিও মেনে নিতে পারছে না। তাদের উদ্দেশ্য দেশের মানুষ ভালোভাবেই বুঝতে পারছে।”
বিরোধী দলের সমালোচনা করে তারেক রহমান বলেন, “তাদের লক্ষ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। তাদের উদ্দেশ্য একটাই—দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করা এবং মানুষকে বিভ্রান্ত করা।”
‘করব কাজ, গড়ব দেশ’ স্লোগান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার কৃষক, নারী, শিক্ষার্থী ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। সদ্য ঘোষিত বাজেটে কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, দেশের প্রতিটি জেলায় ৮ থেকে ১০ হাজার কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। এসব কার্ডের মাধ্যমে কৃষকদের নগদ আড়াই হাজার টাকা করে প্রণোদনা দেওয়া হবে। একই সঙ্গে কৃষি উৎপাদন ব্যয় কমাতে বিভিন্ন সহায়তা অব্যাহত থাকবে।
নারী শিক্ষার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, স্নাতক ও ডিগ্রি পর্যন্ত নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উপবৃত্তি কর্মসূচিও সম্প্রসারণ করা হবে।
স্বাস্থ্য খাতের বিষয়ে তিনি বলেন, স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। হার্টের রিং এবং কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত বিভিন্ন চিকিৎসা উপকরণ ও ওষুধের ওপর আরোপিত কর প্রত্যাহার করা হয়েছে, যাতে রোগীদের চিকিৎসা ব্যয় কমে।
পাতলী খাল পুনঃখনন প্রকল্পের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং বছরে প্রায় ১২ হাজার মেট্রিক টন কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
তিনি বলেন, “দেশের মালিক কোনো রাজনৈতিক দল নয়, দেশের ২০ কোটি মানুষ। তাদের কল্যাণেই সরকারের সব পরিকল্পনা ও কর্মসূচি।”
এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। পরে তিনি পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন।
দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, জনসভা ও সুধী সমাবেশসহ একাধিক কর্মসূচিতে অংশ নেন।



