মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬

ইরানের বিভিন্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ জন বন্দির সাজা মওকুফ বা কমানোর প্রস্তাব অনুমোদন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি।  ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির এই তথ্য নিশ্চিত করেছেন।  আধা-সরকারি গণমাধ্যম মেহের নিউজ এজেন্সির বরাতে এ খবর জানা গেছে।

মুখপাত্র আসগর জাহাঙ্গির জানান, দেশটির ইতিহাসে এই প্রথমবারের মতো একসাথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ জন বন্দিকে এভাবে ক্ষমা করা হলো।

তিনি আরও জানান, ক্ষমাপ্রাপ্ত এই বন্দিদের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত অভিযোগকারী ছিল না এবং তাদের কারও পূর্ববর্তী কোনো রাষ্ট্রীয় নিরাপত্তাবিরোধী অপরাধের রেকর্ডও নেই।  মূলত কারাগারে তাদের ভালো আচরণ, অপরাধের জন্য অনুশোচনা প্রকাশ এবং সংশোধনমূলক বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার ওপর ভিত্তি করেই তাদের এই ক্ষমার যোগ্য বলে বিবেচনা করা হয়েছে।

ইরানের সংবিধানের ১১০ অনুচ্ছেদ অনুযায়ী, দেশটির বিচার বিভাগের প্রধানের সুপারিশের ভিত্তিতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সাজা মওকুফ বা কমানোর চূড়ান্ত ক্ষমতা থাকে একমাত্র সর্বোচ্চ নেতার হাতে।

তবে এই সাধারণ ক্ষমা সব ধরনের অপরাধীর জন্য প্রযোজ্য নয় বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।  সশস্ত্র বিদ্রোহ, সংগঠিত বা সশস্ত্র মাদক পাচার, সশস্ত্র ডাকাতি, অস্ত্র চোরাচালান, অপহরণ, ঘুষ এবং রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের মতো গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিরা এই ক্ষমার আওতার সম্পূর্ণ বাইরে থাকবেন।