কার্টুনে প্রতিবাদ জানানো রুশ শিল্পী পোল্যান্ডে গুলিবিদ্ধ হয়ে নিহত
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬
পোল্যান্ডে রাশিয়ান এক শিল্পীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত শিল্পীর নাম রবার্ট কে। তবে তিনি ‘সেমিওন স্ক্রেপেতস্কি’ ছদ্মনামে পরিচিত ছিলেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সময় সোমবার সকালে বেলারুশ সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় শহর বিআলা পোদলাসকায় একটি গাড়ি পার্কিং এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
পোলিশ প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, ৪৪ বছর বয়সী এই শিল্পীর কাছে প্রথমে দুটি গুলি করা হয়। তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারী আরও কাছে গিয়ে অতিরিক্ত তিনটি গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জেলা প্রসিকিউটর কার্যালয়ের মুখপাত্র মারচিন কোজাক বিবিসিকে জানান, নিহতের মাথা, বুক ও পিঠে মোট পাঁচটি গুলি লাগে। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা এবং ৯ মিলিমিটার গেকো লুগার বুলেট উদ্ধার করা হয়।
ঘটনার পর পুলিশ বেলারুশ কনস্যুলেটের কাছ থেকে ৩৩ ও ৩৭ বছর বয়সী দুই বেলারুশীয় নাগরিককে আটক করেছে। তবে এ ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রবার্ট কুজভকভ ‘সেমিওন স্ক্রেপেতস্কি’ ছদ্মনামে পুতিন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং চেচেন নেতা রমজান কাদিরভকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ও চিত্রকর্মের জন্য পরিচিত ছিলেন।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তিনি প্রকাশ্যে শিল্পচর্চার পাশাপাশি রুশ সরকারের নীতির সমালোচনা করতেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি ২০২১ সাল থেকে বিআলা পোদলাসকায় বসবাস করছিলেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে তাকে জার্মানির বার্লিনে রুশ দূতাবাসের সামনে ‘রাশিয়া ডে’ বিরোধী বিক্ষোভে অংশ নিতে দেখা যায়, যেখানে তিনি ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন এবং প্রতীকী প্রতিবাদে অংশ নেন।
ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা খতিয়ে দেখছে পোল্যান্ডের তদন্তকারী সংস্থা। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।



