শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সুইজারল্যান্ডও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড। এর আগে একই কার্যক্রমে আগ্রহ দেখিয়েছিল যুক্তরাজ্য ও তুরস্ক।
মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি। বৈঠকে তিনি বাংলাদেশের বিমান পরিবহন খাতে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে সুইস প্রতিষ্ঠান ‘সুইসপোর্ট’-এর অংশগ্রহণের আগ্রহের কথা তুলে ধরেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।
সাক্ষাতে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ়, গতিশীল এবং বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে বিমান পরিবহন খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।
জবাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সুইসপোর্টকে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান এবং বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।
উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ এর আগে যুক্তরাজ্য ও তুরস্কও প্রকাশ করেছিল। ফলে দেশের সবচেয়ে বড় বিমানবন্দরের এই গুরুত্বপূর্ণ সেবাখাতকে ঘিরে আন্তর্জাতিক আগ্রহ ক্রমেই বাড়ছে।



