মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬

সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনের অংশ হিসেবে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ বুধবার জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

মন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, অনুপ্রবেশ বন্ধ, মাদক ও অস্ত্র চোরাচালান রোধ এবং সীমান্ত হত্যা কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শুধু মিয়ানমার নয়, ভারতের সীমান্তের স্পর্শকাতর অংশেও কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনায় রয়েছে।

সীমান্ত ব্যবস্থাপনায় কঠোর অবস্থানের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জাতীয় স্বার্থ রক্ষায় এবং সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করছে।  এ কাজে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সমন্বিতভাবে কাজ করছে।

তিনি জানান, সীমান্ত দিয়ে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), ফেন্সিডিলসহ সব ধরনের মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ বন্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে।

এছাড়া দুর্গম ও স্পর্শকাতর সীমান্ত এলাকায় নতুন বর্ডার আউটপোস্ট (বিওপি) ও টহল আউটপোস্ট (টিওবি) নির্মাণ করা হয়েছে এবং আরও স্থাপনার পরিকল্পনা রয়েছে।  এতে বিজিবির টহল কার্যক্রম দ্রুত ও কার্যকর হয়েছে বলে জানান তিনি।

সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকায়নে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম সীমান্তে স্মার্ট বর্ডার সার্ভেইল্যান্স সিস্টেম স্থাপন করা হয়েছে।  পাশাপাশি পার্বত্য সীমান্তে সীমান্ত সড়ক নির্মাণ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলেও সংসদে জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বসবাসরত জনগণকে চোরাচালান ও অপরাধের কুফল সম্পর্কে সচেতন করতে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে স্থানীয়দের সহযোগিতাও পাওয়া যায়।

সরকারের এই উদ্যোগগুলো সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।