যুব উৎসবকে ঘিরে বড় ঘোষণা, অংশগ্রহণকারীদের বিনামূল্যে ভিসা দেবে রাশিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬
আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬ এ অংশগ্রহণকারীদের জন্য বড় সুখবর দিয়েছে রুশ সরকার। ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য নির্বাচিত ও আমন্ত্রিত বিদেশি প্রতিনিধিদের সম্পূর্ণ বিনামূল্যে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন সম্প্রতি এ-সংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করেছেন। ওই আদেশ অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত রুশ দূতাবাসগুলো ফেস্টিভ্যালে আমন্ত্রিত বিদেশি অংশগ্রহণকারীদের ভিসা ফি ছাড়াই ভিসা ইস্যু করবে। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
এই সুবিধার আওতায় থাকবেন পাঁচ হাজার বিদেশি যুব প্রতিনিধি ছাড়াও শতাধিক আন্তর্জাতিক অতিথি, সাংবাদিক, ব্লগার, ভ্লগার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতারা।
রাশিয়ার যুববিষয়ক কেন্দ্রীয় সংস্থা রোসমোলোডেজ-এর অধীনস্থ ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল ডিরেক্টরেট এ আয়োজনের দায়িত্ব পালন করছে।
আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর রাশিয়ার ইয়েকাতেরিনবার্গ শহরে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এই যুব উৎসব। আয়োজকদের তথ্য অনুযায়ী, এতে বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজারেরও বেশি যুব প্রতিনিধি অংশ নেবেন। এছাড়া প্রায় এক হাজার আন্তর্জাতিক অতিথি, গণমাধ্যমকর্মী, ব্লগার, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব, বক্তা এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞ পেশাজীবীরাও অংশগ্রহণ করবেন।
আয়োজকরা জানিয়েছেন, মূল আয়োজনের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক কর্মসূচিতেও অংশ নেওয়ার সুযোগ থাকবে। অংশগ্রহণকারীদের জন্য ইস্যুকৃত বিশেষ ভিসার মেয়াদ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
ফেস্টিভ্যালে অংশ নেওয়া বিদেশি প্রতিনিধিদের মধ্যে পাঁচ হাজার জনকে বিশ্বের ১৯১টি দেশ থেকে নির্বাচন করা হবে। তাদেরসহ রাশিয়ার বাইরে থেকে আসা সব অনুমোদিত অংশগ্রহণকারীর জন্য ভিসা ফি সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি-২০২৫ এ অংশগ্রহণকারীদের রাশিয়ার ভিসা পেতে নির্ধারিত ফি পরিশোধ করতে হয়েছিল। ফলে এবারের আয়োজনকে ঘিরে ভিসা ফি মওকুফের সিদ্ধান্ত আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে।
শুধু ভিসা ফি মওকুফই নয়, আয়োজকদের অর্থায়নে নির্বাচিত প্রতিনিধিদের যাতায়াত ও অবস্থানের প্রায় সব ব্যয়ও বহন করা হবে। এর মধ্যে আন্তর্জাতিক বিমান ভাড়া, অভ্যন্তরীণ ভ্রমণ, আবাসন, খাবারসহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল ডিরেক্টরেট।
ফলে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিদের জন্য এবারের ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬ শুধু মতবিনিময় ও সাংস্কৃতিক বিনিময়ের একটি বড় প্ল্যাটফর্মই নয়, বরং সম্পূর্ণ ব্যয়-সহায়তাপ্রাপ্ত একটি আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ হয়ে উঠছে।



