ট্রাম্পের ইরান চুক্তি আগের চেয়ে আরও খারাপ: ওবামা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সর্বশেষ পারমাণবিক চুক্তির পরিস্থিতি আগের চেয়েও খারাপ অবস্থায় পৌঁছেছে। তিনি দাবি করেন, যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরে গেলেও এখন পরিস্থিতি আরও জটিল হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, “অনেক মানুষ মারা গেছে। এখন মনে হচ্ছে আমরা আবারও সেই জায়গাতেই ফিরে গেছি, যেখানে যুদ্ধ শুরুর আগে ছিলাম—তবে পরিস্থিতি সম্ভবত আরও খারাপ।”
তিনি আরও বলেন, ইরানের সঙ্গে করা পূর্ববর্তী পারমাণবিক চুক্তির আওতায় দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে সরে আসার বিষয়ে সম্মত হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা প্রত্যাহারের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে এবং ইরানের পারমাণবিক সক্ষমতা বাড়ার সুযোগ তৈরি হয়েছে।
ওবামা চলমান যুদ্ধবিরতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, তিনি আশা করেন এটি টিকে থাকবে এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।
ট্রাম্প প্রশাসনের নীতি সমালোচনা করে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্তই বর্তমান সংকটের অন্যতম কারণ।



