পদত্যাগের গুঞ্জনে উত্তপ্ত যুক্তরাজ্যের রাজনীতি, সোমবার সিদ্ধান্ত নিতে পারেন স্টারমার
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার (২২ জুন) পদত্যাগ করতে পারেন—এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য অবজারভার’। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্যকে সরাসরি অস্বীকার করে জানিয়েছে, স্টারমার পদত্যাগ নয় বরং সরকারের কাজ এগিয়ে নেওয়ার দিকেই মনোযোগী।
গত কয়েক মাস ধরেই কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে ক্ষমতাসীন দলে চাপ ও অসন্তোষ বাড়ছিল। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে শুক্রবার (১৯ জুন), যখন তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহ্যাম একটি সংসদ উপনির্বাচনে জয়লাভ করেন। এই জয় তাকে দলের নেতৃত্বে স্টারমারের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেয়।
দলের ভেতরে দীর্ঘদিন ধরেই স্টারমারের নেতৃত্ব নিয়ে অস্থিরতা চলছিল বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। তবে বার্নহ্যামের সংসদে প্রবেশকে এই সংকটের একটি বড় মোড় হিসেবে দেখা হচ্ছে। কারণ, দলের নেতৃত্ব চ্যালেঞ্জ করতে হলে তার সংসদ সদস্য হওয়া জরুরি ছিল, যা এই নির্বাচনের মাধ্যমে নিশ্চিত হয়েছে।
‘দ্য অবজারভার’-এর প্রতিবেদনে বলা হয়েছে, দলের ভেতরে সমর্থন কমে যাওয়া এবং বার্নহ্যামের উত্থানের কারণে স্টারমার পদত্যাগের মতো সিদ্ধান্ত বিবেচনা করতে পারেন। সোমবার তিনি এ বিষয়ে ঘোষণা দিতে পারেন বলেও দাবি করা হয়েছে।
তবে ডাউনিং স্ট্রিটের এক সরকারি সূত্র এসব দাবিকে প্রত্যাখ্যান করে জানিয়েছে, প্রধানমন্ত্রী এখনো দায়িত্ব পালন করছেন এবং সরকারের কাজকর্ম পরিচালনায় সম্পূর্ণ মনোযোগী রয়েছেন।
এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ব্রিটিশ সরকার।



