বাংলাদেশের স্কুলে বিতরণের জন্য ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬
বাংলাদেশের সরকারি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য এক হাজার ফুটবল উপহার দিয়েছে পাকিস্তান । রবিবার সচিবালয়ে ড. এ এন এম এহসানুল হক মিলন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইমরান হায়দার এ তথ্য জানান।
পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় হাইকমিশনার শিক্ষামন্ত্রীকে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর’-এর অগ্রগতি সম্পর্কেও অবহিত করেন।
বৈঠকে শিক্ষা ছাড়াও যুব উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, ডিজিটাল শিক্ষা, শারীরিক শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে পাকিস্তানের বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান Forward Sports-এর তৈরি একটি ফুটবল শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন হাইকমিশনার। তিনি জানান, একই মানের এক হাজার ফুটবল ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কাছে হস্তান্তর করা হয়েছে। এসব ফুটবল দেশের বিভিন্ন সরকারি স্কুলে বিতরণ করা হবে।
ইমরান হায়দার বলেন, উন্নতমানের এই ফুটবলগুলো বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যসচেতনতা এবং ফিটনেস চর্চা উৎসাহিত করবে। পাশাপাশি ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ ও আবেগকে আরও এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।
আলোচনার একপর্যায়ে তিনি উল্লেখ করেন, শিয়ালকোট বিশ্বব্যাপী মানসম্মত ফুটবল উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। বিশ্বের বহু আন্তর্জাতিক মানের ফুটবল সেখানে তৈরি হয়। বিভিন্ন বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল উৎপাদনের ক্ষেত্রেও শিয়ালকোটের প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন পাকিস্তানের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ক্রীড়াচর্চা উন্নয়নে এ ধরনের সহযোগিতার প্রশংসা করেন। একই সঙ্গে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং যুব কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।



