জুনের ২৪ দিনে রেমিট্যান্স এলো ২৩১ কোটি ২০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬

চলতি জুন মাসের প্রথম ২৪ দিনে দেশে ২৩১ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ৬৩ লাখ ডলার প্রবাসী আয়।

বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ২২৮ কোটি ৫০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২ কোটি ৭০ লাখ ডলার।

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ২৪ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫০৬ কোটি ৯০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৭ দশমিক ৭০ শতাংশ বেশি।

রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে গত মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। আর চলতি বছরের মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।

এছাড়া গত এপ্রিল মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।

প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ বৃদ্ধি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।