রোহিঙ্গা সংকট সমাধানের পথ খুলবে, আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৬

রোহিঙ্গা সংকট সমাধানে সামনে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং আগামী দিনগুলোতে এ সংকটের সমাধানের একটি পথ তৈরি হবে।

শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা ইস্যুতে চীন বাংলাদেশকে জানিয়েছে, তারা বাংলাদেশ ও মিয়ানমার—উভয় পক্ষকে সহযোগিতা করবে, যাতে দ্রুত এ সমস্যার সমাধান সম্ভব হয়।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সঙ্গে বর্তমানে চারটি পক্ষ সম্পৃক্ত। এগুলো হলো—মিয়ানমার, রাখাইন অঞ্চলের নিয়ন্ত্রণকারী আরাকান আর্মি, বাংলাদেশ এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা।

ড. খলিলুর রহমান বলেন, দায়িত্ব গ্রহণের পর মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং আরাকান আর্মির প্রধান—উভয় পক্ষ থেকেই তিনি অভিনন্দন বার্তা পেয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনসমর্থনের ভিত্তিতে কাজ করছে এবং তার বিশ্বাস, আগামী দিনগুলোতে রোহিঙ্গা সংকটের একটি কার্যকর সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতেও বাংলাদেশ এ সংকট মোকাবিলায় অগ্রগতি অর্জন করেছে। এবারও সরকার এ সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।