বাংলাদেশ ফুটবল বিশ্বমঞ্চে জায়গা করে নেবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের ফুটবলকে এগিয়ে নিতে সরকার শূন্য থেকে নতুনভাবে কার্যক্রম শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশ ফুটবল বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

রোববার (২৮ জুন) বিকেলে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতী খেলোয়াড় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এবং পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে জিরো থেকে কার্যক্রম শুরু করা হয়েছে। আশা করা যায়, ১৫ বা ২০ বছর পর হলেও বাংলাদেশের ফুটবল বিশ্বমঞ্চে জায়গা করে নেবে।”

তিনি আরও জানান, দেশের ক্রীড়াক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা খেলোয়াড়দের জন্য বর্তমানে ৩০০টি ক্রীড়া কার্ডের মাধ্যমে ভাতা দেওয়া হচ্ছে। শিগগিরই আরও ২০০টি ক্রীড়া কার্ড যুক্ত করে এ সংখ্যা ৫০০-তে উন্নীত করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ আনসার ও ভিডিপির ২৩ জন খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়া হয়।

পরে ক্রীড়া প্রতিমন্ত্রী একই একাডেমির কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।