অন্তর্বর্তী সংসদে জায়গা পেলেন সিরীয় অভিনেত্রী রোজিনা লাজকানি

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬

সিরিয়ার অন্তর্বর্তী সংসদের সদস্য হিসেবে জনপ্রিয় অভিনেত্রী রোজিনা লাজকানিকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ২১০ সদস্যের নতুন সংসদে প্রেসিডেন্টের মনোনীত ৭০ সদস্যের তালিকায় রয়েছেন তিনি।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, উচ্চতর নির্বাচন কমিটির ঘোষণার মধ্য দিয়ে অন্তর্বর্তী সংসদের সদস্যপদ পূর্ণাঙ্গ করা হয়েছে। সংসদের দুই-তৃতীয়াংশ সদস্য ২০২৫ সালের অক্টোবর থেকে স্থানীয় কমিটির মাধ্যমে পরোক্ষ নির্বাচনে নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী বাকি এক-তৃতীয়াংশ সদস্য মনোনয়নের ক্ষমতা প্রেসিডেন্টের হাতে ছিল।

১৯৯০ সালে জন্ম নেওয়া রোজিনা লাজকানি দামেস্কের হায়ার ইনস্টিটিউট অব ড্রামাটিক আর্টসে দৃশ্যসজ্জা বিষয়ে পড়াশোনা করেন। ২০১৩-১৪ সালের দিকে অভিনয়জগতে যাত্রা শুরু করে তিনি ‘আল-হাইবা’সহ একাধিক জনপ্রিয় টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন।

প্রেসিডেন্টের মনোনীত সদস্যদের মধ্যে ১৫ জন নারী রয়েছেন। ফলে নতুন সংসদে নারী সদস্যের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।

নির্বাচন কমিটির প্রধান মোহাম্মদ তাহা আল-আহমাদ জানান, মনোনীত সদস্যদের মধ্যে গৃহযুদ্ধে নিহতদের স্বজন, সাবেক বন্দি, রাসায়নিক হামলা থেকে বেঁচে ফেরা ব্যক্তি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় সমাজকর্মী আয়েশা আল-দিবসও রয়েছেন।

নিয়োগ পাওয়ার পর এক বিবৃতিতে রোজিনা লাজকানি বলেন, দেশের জনগণের সেবার সুযোগ পেয়ে তিনি গর্বিত। তিনি সিরিয়ার পুনর্গঠন, শরণার্থীদের সম্মানজনক প্রত্যাবর্তন এবং জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সংস্কৃতি ও শিল্পের বিকাশে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে এই অন্তর্বর্তী সংসদ গঠন করা হয়েছে। আগামী ৬ জুলাই সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থায়ী সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত এই সংসদই অস্থায়ী আইনসভা হিসেবে দায়িত্ব পালন করবে।