ভারতীয় ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা, যা জানাল হাইকমিশন
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬
দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু হওয়ার পর ভিসা আবেদনকারীদের ব্যাপক সাড়া পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। একই সঙ্গে আবেদন প্রক্রিয়ায় ধৈর্য ও সহযোগিতার জন্য আবেদনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (৩ জুলাই) এক বার্তায় হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণে আগ্রহী মানুষের বিপুল সাড়া তাদের উৎসাহিত করেছে। বর্তমানে ভিসা পরিষেবা আরও সম্প্রসারণ এবং আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করতে কাজ চলছে।
বার্তায় বলা হয়, আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য ভারতীয় হাইকমিশন আন্তরিকভাবে কৃতজ্ঞ। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুসংহত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
গত ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালু হয়। এর পর থেকেই দেশের বিভিন্ন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (IVAC) আবেদনকারীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
এর আগে ২৫ জুন, ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঘোষণা দেন যে, প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু করা হবে। তিনি জানান, পর্যায়ক্রমে ভারতের সব ধরনের ভিসা কার্যক্রম স্বাভাবিক করা হবে।
এছাড়া মানবিক বিষয় বিবেচনায় মেডিক্যাল ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যেতে ইচ্ছুক ব্যক্তিরা দ্রুত সেবা পান।
বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে পর্যটন ভিসার আবেদন জমা দেওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য আইভ্যাক কেন্দ্রেও এই সেবা চালু করা হবে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।



