শিশু যৌন হয়রানির বিজ্ঞাপন নিয়ে মেটাকে তলব করছে ভারত সরকার
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬
ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত আপত্তিকর বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মেটাকে (Meta) তলব করছে ভারত সরকার। বিষয়টির ব্যাখ্যা দিতে এবং এ ধরনের কনটেন্ট কীভাবে প্ল্যাটফর্মে প্রকাশ পেল, সে বিষয়ে জবাব দিতে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ডাকা হচ্ছে।
ভারতের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। সরকার জানতে চায়, কীভাবে ইনস্টাগ্রামে এমন বিজ্ঞাপন অনুমোদন পেয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কনটেন্ট ঠেকাতে মেটা কী পদক্ষেপ নিচ্ছে।
বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, ভারতে ইনস্টাগ্রামে এমন কিছু বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল, যেখানে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত অত্যন্ত আপত্তিকর শব্দ ও শিরোনাম ব্যবহার করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এসব বিজ্ঞাপনের লিংক বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যেত, যেখানে মাত্র ৯৯ রুপিতে অবৈধ কনটেন্ট বিক্রির প্রস্তাব দেওয়া হচ্ছিল।
বিবিসি বিষয়টি জানালেও প্রথমদিকে ইনস্টাগ্রাম দাবি করেছিল, সংশ্লিষ্ট পোস্টগুলো তাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেনি। তবে পরে মেটা জানায়, অভিযোগের পর তারা একাধিক বিজ্ঞাপন সরিয়ে দিয়েছে, সংশ্লিষ্ট অ্যাকাউন্ট স্থগিত করেছে এবং নীতিমালা লঙ্ঘনকারী ইউআরএল ব্লক করেছে।
এদিকে চলতি সপ্তাহের শুরুতে ভারত সরকার হোয়াটসঅ্যাপে ফোন নম্বরের পরিবর্তে ইউজারনেম ব্যবহারের নতুন ফিচার নিয়েও উদ্বেগ প্রকাশ করে। সরকার মেটাকে সাময়িকভাবে ফিচারটি স্থগিত রাখতে এবং তিন দিনের মধ্যে এর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্যাখ্যা দিতে বলে।
সরকারের মতে, এই ফিচার চালু হলে প্রতারক চক্র সহজে ভুয়া পরিচয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে, যা অনলাইন জালিয়াতি, ফিশিং, পরিচয় চুরি এবং তথাকথিত ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণার ঝুঁকি বাড়াতে পারে।
এ ছাড়া সরকারি সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান বা পরিচিত ব্যক্তিদের নামে ভুয়া ইউজারনেম তৈরি করে প্রতারণার আশঙ্কাও রয়েছে বলে উল্লেখ করেছে ভারত সরকার। একই ধরনের নোটিশ টেলিগ্রাম ও সিগন্যালকেও পাঠানো হয়েছে।



