দেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৬
বাংলাদেশ দ্রুত এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ধারাবাহিকতায় দেশের অর্থনীতি নতুন উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকালে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর প্রথমবার নিজ শহর চট্টগ্রাম সফরে গিয়ে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতিবাচক ফল দিচ্ছে। এর ফলে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, চট্টগ্রামে বিনিয়োগ ও শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে এ নগরী দেশের প্রধান অর্থনৈতিক লজিস্টিক হাব হিসেবে গড়ে উঠবে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেও চট্টগ্রামকে অর্থনৈতিক লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও জানান, চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রায় ৬০০ একর জমির ওপর একটি ফ্রি ট্রেড জোন স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে বিনিয়োগ, শিল্পায়ন, কর্মসংস্থান এবং রপ্তানি কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।



