ভিসানীতিতে ৬ বড় পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৬

প্রবেশ ও আবাসনসংক্রান্ত ভিসা ব্যবস্থায় ছয়টি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সাল থেকে কার্যকর হওয়া এসব পরিবর্তনের মধ্যে রয়েছে অন-অ্যারাইভাল ভিসার সুযোগ সম্প্রসারণ, ৪৮ ঘণ্টার মধ্যে পর্যটন ভিসা অনুমোদন, সম্পত্তিভিত্তিক আবাসিক ভিসার নিয়ম শিথিল, স্মার্ট মেডিকেল ভিসা চালু এবং কিছু দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা সাময়িক স্থগিতের সিদ্ধান্ত।

আরও ছয় দেশের নাগরিক পাবেন অন-অ্যারাইভাল ভিসা

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) অন-অ্যারাইভাল ভিসার সুবিধা আরও সম্প্রসারণ করেছে। আগে এই সুবিধা নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন ভারতীয় নাগরিকদের জন্য সীমিত থাকলেও এখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও ১৪ ও ৬০ দিনের ভিসা ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন।

এ ছাড়া যোগ্য আবাসিক দেশের তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার বৈধ আবাসিকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

৪৮ ঘণ্টায় মিলবে পর্যটন ভিসা

দুবাই ভ্রমণকারীদের জন্য এখন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সিঙ্গেল-এন্ট্রি পর্যটন ভিসা অনুমোদনের ব্যবস্থা চালু হয়েছে। অনুমোদিত ট্রাভেল এজেন্সি বা পর্যটন অফিসের মাধ্যমে আবেদন করলে ৩০ থেকে ৬০ দিনের মেয়াদের এই ভিসা পাওয়া যাবে।

সম্পত্তি বিনিয়োগকারীদের জন্য সহজ হলো আবাসিক ভিসা

সম্পত্তির ভিত্তিতে দুই বছরের আবাসিক ভিসা পাওয়ার নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। একক মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে আগের ন্যূনতম ৭ লাখ ৫০ হাজার দিরহামের শর্ত তুলে দেওয়া হয়েছে।

তবে একাধিক মালিক থাকলে প্রত্যেকের মালিকানাধীন অংশের মূল্য কমপক্ষে ৪ লাখ দিরহাম হতে হবে। এ শর্ত পূরণ করলে তারা আবাসিক ভিসার জন্য আবেদন করতে পারবেন।

ওভারস্টে জরিমানায় ৩০ দিনের ছাড়

আঞ্চলিক আকাশসীমা বন্ধ ও বিমান চলাচল ব্যাহত হওয়ার কারণে যারা অতিরিক্ত সময় অবস্থানের জরিমানা থেকে সাময়িক অব্যাহতি পেয়েছিলেন, তাদের জন্য আরও ৩০ দিনের সময় দিয়েছে আইসিপি।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ পরিস্থিতি শেষ হওয়ায় সংশ্লিষ্টদের আগামী ৯ জুলাইয়ের মধ্যে ভিসার অবস্থা নিয়মিত করতে হবে অথবা দেশ ত্যাগ করতে হবে।

চালু হচ্ছে স্মার্ট মেডিকেল ভিসা

চিকিৎসা পর্যটনকে আরও সহজ করতে ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর উদ্যোগ নিয়েছে দুবাই সরকার। এ লক্ষ্যে দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেইনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) এবং দুবাই স্বাস্থ্য কর্তৃপক্ষ সমঝোতা স্মারক সই করেছে।

নতুন ব্যবস্থার মাধ্যমে বিদেশি রোগীদের ভিসা, আবাসন ও স্বাস্থ্যসেবাকে একই প্ল্যাটফর্মে সমন্বয় করে চিকিৎসার পুরো প্রক্রিয়া আরও সহজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিন দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা স্থগিত

ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত।

ন্যাশনাল ইমার্জেন্সি, ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার্স ম্যানেজমেন্ট অথরিটি এবং আইসিপির যৌথ সিদ্ধান্তে গত ৬ জুন থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি না হলে এর মেয়াদ আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।