মিয়ানমার সীমান্তে নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬
মিয়ানমার সীমান্তের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নজরদারি জোরদার করেছে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
রোববার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এ সময় এক সাংবাদিক আরাকান আর্মির প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন—এমন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য আছে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।”
বর্তমানে মিয়ানমার সীমান্তে দেশটির সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত তীব্র হওয়ায় সীমান্তবর্তী বাংলাদেশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
তিনি বলেন, “সীমান্ত পরিস্থিতি নিয়ে আমরা নজর রাখছি। আমরা সীমান্তে নজরদারি বাড়িয়েছি।”
সরকার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।



