এপস্টিন বিতর্কে মেলানিয়ার বক্তব্যের নেপথ্যের কারণ প্রকাশ
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প চলতি বছরের এপ্রিলে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিন-সংক্রান্ত বিতর্কে হঠাৎ প্রকাশ্যে বক্তব্য দেওয়ার নেপথ্যের কারণ অবশেষে সামনে এসেছে।
মেলানিয়ার জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক বেকম্যান যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোকে জানান, এপস্টিনের সঙ্গে মেলানিয়ার কোনো সম্পর্ক ছিল না এবং কখনো ছিল না—এ বিষয়টি কংগ্রেসের আনুষ্ঠানিক রেকর্ডে স্পষ্টভাবে তুলে ধরতেই তিনি ওই বক্তব্য দিয়েছিলেন।
বেকম্যানের ভাষ্য অনুযায়ী, একই সঙ্গে মেলানিয়া নিজেকে এপস্টিনের ভুক্তভোগীদের একজন সমর্থক হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন। তিনি কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছিলেন, যাতে ভুক্তভোগীরা শপথ নিয়ে প্রকাশ্যে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পান।
গত ৯ এপ্রিল হোয়াইট হাউসের সামনে দেওয়া বক্তব্যে মেলানিয়া বলেন, তিনি কখনো জেফরি এপস্টিনের বন্ধু ছিলেন না, তাঁর কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না এবং এপস্টিনের মাধ্যমে তাঁর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প-এর পরিচয় হয়েছিল—এমন দাবিও তিনি প্রত্যাখ্যান করেন।
তিনি আরও বলেন, এপস্টিনের ভুক্তভোগীদের কংগ্রেসের সামনে শপথ নিয়ে সাক্ষ্য দেওয়ার সুযোগ দেওয়া উচিত, যাতে প্রত্যেকে নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে তুলে ধরতে পারেন।
তবে মেলানিয়ার এই অবস্থান মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে। কিছু ভুক্তভোগী সংগঠন অভিযোগ করে, তিনি কার্যত ভুক্তভোগীদের ওপরই ন্যায়বিচার আদায়ের অতিরিক্ত দায় চাপিয়ে দিচ্ছেন। অন্যদিকে অনেকেই তাঁর বক্তব্যকে ভুক্তভোগীদের প্রতি সমর্থনের গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে স্বাগত জানান।
এদিকে এপস্টিন-সংক্রান্ত নথি প্রকাশের বিষয়ে মার্কিন বিচার বিভাগ এখনো সতর্ক অবস্থানে রয়েছে। তাদের দাবি, ভুক্তভোগীদের পরিচয় ও গোপনীয়তা রক্ষার স্বার্থে কিছু নথি প্রকাশ করা সম্ভব নয়। তবে একজন ফেডারেল বিচারক তদন্ত-সংশ্লিষ্ট গোপন রাখা অংশ প্রকাশ অথবা তা গোপন রাখার আইনি ভিত্তি ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, মেলানিয়া কী বলবেন, তা তিনি আগে জানতেন না। তবে তিনি একটি বিবৃতি দেবেন—এটুকু তাঁর জানা ছিল।



