ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আলোচনায় আনতে চীনকে নরওয়ের আহ্বান
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৬
ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়াকে শান্তি আলোচনায় আনতে নিজেদের ঘনিষ্ঠ সম্পর্ক কাজে লাগানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে নরওয়ে। একই সঙ্গে ইউরোপ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে দেশটি।
সোমবার (৬ জুলাই) নরওয়ের রাজধানী অসলোতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাস গার স্টোরে।
তিনি বলেন, রাশিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ ও সরাসরি যোগাযোগের সুযোগ সম্ভবত চীনেরই রয়েছে। তাই সেই সম্পর্ক কাজে লাগিয়ে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে কার্যকর ভূমিকা রাখা উচিত।
স্টোরে বলেন, ‘আমরা আশা করি এবং জোর দিয়ে অনুরোধ করছি, চীন যেন রাশিয়ার সঙ্গে তাদের সুসম্পর্ক ব্যবহার করে শান্তি আলোচনা এগিয়ে নিতে সহায়তা করে।’
তিনি জানান, ওয়াং ইর সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। যদিও দুই দেশের মধ্যে বাণিজ্য ও অন্যান্য ইস্যু নিয়েও আলোচনা হয়েছে, তবু যুদ্ধ বন্ধের উপায়ই ছিল বৈঠকের মূল কেন্দ্রবিন্দু।
নরওয়ের প্রধানমন্ত্রী আরও বলেন, ইউরোপ ও চীনের মধ্যে অর্থনীতি, বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার বড় সম্ভাবনা রয়েছে। তবে ইউক্রেনে যুদ্ধ চলতে থাকলে এবং চীন রাশিয়ার ঘনিষ্ঠ অংশীদার হিসেবে থাকলে সেই সম্ভাবনা সীমিত থাকবে।
এর আগে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইদেও ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। পরে তিনি জানান, দুই দেশের আলোচনা ছিল ‘গঠনমূলক’ এবং ‘আশাব্যঞ্জক’।
চীন রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে ভূমিকা রাখবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, ‘আমি চীনের মুখপাত্র নই। তবে তাদের বক্তব্যে কিছু ইতিবাচক ইঙ্গিত রয়েছে।’
নরওয়ের কর্মকর্তারা মনে করেন, যুদ্ধ বন্ধে কোনো পূর্বশর্ত ছাড়াই শান্তি আলোচনা শুরু হওয়া উচিত। তাদের প্রস্তাব, প্রথম ধাপে বর্তমান যুদ্ধরেখা ধরে যুদ্ধবিরতি কার্যকর করা যেতে পারে। এরপর আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা সম্ভব হবে।
স্টোরে বলেন, বর্তমান যুদ্ধরেখা মেনে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া ইউক্রেনের জন্য বড় ধরনের ছাড় হবে, কারণ এতে বাস্তব পরিস্থিতি মেনে নিয়েই আলোচনায় এগোতে হবে।
ডেনমার্ক, সুইডেন ও ফিনল্যান্ড সফর শেষে নরওয়েতে যান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তবে বৈঠক শেষে চীনের প্রকাশিত বিবৃতিতে ইউক্রেন যুদ্ধ বা রাশিয়ার প্রসঙ্গ উল্লেখ করা হয়নি। সেখানে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং সবুজ প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, ওয়াং ই বলেছেন, আরও ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ বৈশ্বিক শাসনব্যবস্থা গড়ে তুলতে নরওয়ের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন।
এদিকে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধের সমাধান ‘মানুষের ধারণার চেয়েও কাছাকাছি’। তিনি জানান, এ সপ্তাহে তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো সম্মেলনের ফাঁকে ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হবে।



