আর্থিক সংকটে নতুন পে স্কেলে কাটছাঁটের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৬

আর্থিক সংকটের কারণে নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়নে পিছিয়ে যাচ্ছে সরকার। এ পরিস্থিতিতে প্রস্তাবিত বেতন কাঠামোয় কাটছাঁট এবং একবারে কার্যকর করার পরিবর্তে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে এ বিষয়ে সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সুপারিশ চূড়ান্ত করতে আরও অন্তত দুটি বৈঠক হতে পারে। এরপর সুপারিশ অর্থমন্ত্রীর কাছে পাঠানো হবে। সরকারের অনুমোদনের পর গেজেট প্রকাশ করা হবে।

সূত্র জানায়, সরকারের বর্তমান আর্থিক সক্ষমতা বিবেচনায় নতুন পে স্কেল তিন ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হতে পারে। এ ক্ষেত্রে বিভিন্ন গ্রেডের মূল বেতন, ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধায় কিছু পরিবর্তন আনার বিষয়েও আলোচনা চলছে।

যদিও ধাপে ধাপে বাস্তবায়নের ক্ষেত্রে প্রযুক্তিগত ও প্রশাসনিক কিছু জটিলতা তৈরি হতে পারে, তবু এসব সমস্যা যতটা সম্ভব কমিয়ে আনার সুপারিশও থাকবে বলে জানা গেছে।

পরিকল্পনা অনুযায়ী, নতুন পে স্কেল ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য করা হবে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ওই তারিখ থেকেই বেতন-ভাতার আর্থিক সুবিধার অধিকারী হবেন। তবে বকেয়া অর্থসহ প্রকৃত অর্থ পরিশোধ ধাপে ধাপে করা হতে পারে।

সচিব কমিটির এক সদস্য বলেন, কমিটি এখনো তাদের সুপারিশ চূড়ান্ত করেনি। বিষয়টি নিয়ে আরও পর্যালোচনা প্রয়োজন। তিনি জানান, নতুন পে স্কেল এক বা দুই ধাপে বাস্তবায়ন সম্ভব না হলে তিন ধাপেও বাস্তবায়ন করা হতে পারে।

এদিকে নতুন অর্থবছর শুরু হলেও এখনো নতুন পে স্কেলের গেজেট প্রকাশ হয়নি। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে। বাস্তবায়নের ধরন, নতুন বেতন কাঠামো এবং ভাতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এখনো স্পষ্ট নির্দেশনা না থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে।

সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সরকারি প্রশাসনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকায় তারা নতুন পে স্কেল বাস্তবায়ন সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাচ্ছেন না।