মার্কিন হামলা চললে নতুন সামরিক কৌশল প্রয়োগ করবে ইরান
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬
যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলের অবকাঠামো ও উপকূলীয় এলাকায় হামলা অব্যাহত রাখলে নতুন সামরিক কৌশল বাস্তবায়নের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, পরিস্থিতি অব্যাহত থাকলে সংঘাত নতুন পর্যায়ে প্রবেশ করবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।
তিনি দাবি করেন, যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। ফলে সংঘাত এখন নতুন ধাপে প্রবেশ করেছে। ইরানের অবকাঠামো ও উপকূলীয় অঞ্চলে হামলা চলতে থাকলে সশস্ত্র বাহিনীর পাল্টা অভিযানও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আকরামিনিয়া বলেন, “যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে, এই পরিস্থিতি দীর্ঘদিন এভাবে চলতে পারে না। তারা যদি আমাদের দক্ষিণাঞ্চলে আগ্রাসন চালিয়ে যায়, তাহলে আমরা অবশ্যই নতুন পদক্ষেপ নেব।”
তিনি আরও বলেন, শত্রুকে যুদ্ধ চালিয়ে যেতে নিরুৎসাহিত করতে নতুন সামরিক পরিকল্পনা ও কৌশল প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনে যুদ্ধের নতুন ক্ষেত্রও উন্মুক্ত করা হতে পারে। তবে অন্যান্য পরিকল্পনার বিস্তারিত উপযুক্ত সময়ে প্রকাশ করা হবে বলে জানান তিনি।
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র দাবি করেন, যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে দেশটির সশস্ত্র বাহিনী যুদ্ধ প্রস্তুতি আরও জোরদার করেছে। বিশেষ করে বিমানবাহিনী ও বিমান প্রতিরক্ষা ইউনিটের সক্ষমতা এবং প্রস্তুতি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সম্ভাব্য স্থল অভিযান প্রসঙ্গে আকরামিনিয়া বলেন, ইরান কোনো ধরনের শত্রু আগ্রাসনের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না। তাঁর দাবি, স্থলযুদ্ধ শুরু হলে আকাশপথ বা দূরপাল্লার হামলার তুলনায় শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি আরও বেশি হবে এবং সে ক্ষেত্রে ইরানি বাহিনী অধিক কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, ইরানের নিহত সেনা সদস্যদের এবং দেশের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেওয়া এখন জনগণের জাতীয় অঙ্গীকারে পরিণত হয়েছে। সেই লক্ষ্য সামনে রেখেই সশস্ত্র বাহিনী তাদের সামরিক পরিকল্পনা সাজিয়েছে বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর দুই দেশের মধ্যে আবারও হামলা-পাল্টা হামলা শুরু হয়েছে। ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি লঙ্ঘন করায় তারা ওই সমঝোতার আওতায় নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিত করেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।



