চা শিল্পে বড় সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৬

দেশের চা শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও টেকসই করতে আর্থিক এবং প্রাতিষ্ঠানিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও অংশীজনদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।

রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে চা শিল্পের উন্নয়নবিষয়ক এক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, চা শিল্পের উদ্যোক্তাদের বিদ্যমান ঋণের চাপ কমাতে সহজীকরণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়া এবং চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ সৃষ্টি করা হবে। নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নেও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে জানান তিনি।

সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার নানা চ্যালেঞ্জ তুলে ধরেন। তারা শিল্পের টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন প্রস্তাবও উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী বলেন, চা শিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। এ খাতের উন্নয়নে সরকার প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক সহায়তা অব্যাহত রাখবে।