হরমুজ প্রণালি যৌথভাবে পরিচালনার প্রস্তাব ওমানের
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৬
মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি যৌথভাবে পরিচালনার জন্য ইরানের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে ওমান। আঞ্চলিক উত্তেজনা ও সাম্প্রতিক সংঘাতের পর এই কৌশলগত জলপথের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে উপসাগরীয় দেশগুলোর অংশগ্রহণে নতুন কাঠামো গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে তেহরানে ইরানি কর্মকর্তাদের কাছে প্রস্তাবটি উপস্থাপন করা হয়। এতে হরমুজ প্রণালির ওপর কোনো একক দেশের নিয়ন্ত্রণ না রেখে আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে যৌথ ব্যবস্থাপনার কথা বলা হয়েছে।
ওমানের প্রস্তাবটি মালাক্কা প্রণালির পরিচালনা কাঠামোর আদলে তৈরি। বর্তমানে মালাক্কা প্রণালি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর যৌথভাবে পরিচালনা করে।
প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলো স্বেচ্ছাভিত্তিতে একটি তহবিলে অর্থ দেবে। ওই অর্থ নৌ-চলাচল ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে ব্যয় করা হবে।
বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এই জলপথের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে প্রস্তাবটি নিয়ে এখনো চূড়ান্ত কোনো অবস্থান জানায়নি ইরান। তেহরান বলছে, যুদ্ধের আগে যেভাবে অবাধ নৌ-চলাচল ছিল, সেই পরিস্থিতিতে আর ফিরে যাওয়া সম্ভব নয়। অন্যদিকে উপসাগরীয় দেশগুলো স্পষ্ট জানিয়েছে, ইরানের কাছে কোনো বাধ্যতামূলক ফি দেওয়ার ব্যবস্থা তারা মেনে নেবে না।
এদিকে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে হরমুজ প্রণালির নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজে নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং সমঝোতার সম্ভাবনা রয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।



