বাংলাদেশ ও মালয়েশিয়া থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে সম্মত মিয়ানমার
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬
মিয়ানমার বাংলাদেশ ও মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একটি অংশকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
২৯ জুলাই স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, মিয়ানমার মালয়েশিয়া থেকে ৫ হাজার এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের বিষয়ে সম্মতি দিয়েছে।
আনোয়ার ইব্রাহিমের ভাষ্য, এই অগ্রগতি মালয়েশিয়া ও মিয়ানমারের মধ্যে কূটনৈতিক আলোচনার ফল। তিনি বলেন, এ ধরনের জটিল ইস্যুর সমাধানে ধৈর্যশীল কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের ঘিরে দেশটিতে জনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ পাওয়া গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, অতীতে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি উঠলেও মিয়ানমার তাদের গ্রহণে সম্মত না হওয়ায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এখন পরিস্থিতিতে পরিবর্তন এসেছে বলে তিনি দাবি করেন।
আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের দেশটির আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, স্থানীয় জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বা ব্যবসা-বাণিজ্যে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করা উচিত নয়।
তবে বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের বিষয়ে আনোয়ার ইব্রাহিমের বক্তব্যের পর এ বিষয়ে বাংলাদেশ সরকার, মিয়ানমার কর্তৃপক্ষ বা জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



