বাংলাদেশের জন্য আমেরিকার ভ্রমণ সতর্কতা শিথিল

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করেছে আমেরিকা। নতুন মূল্যায়নে বাংলাদেশের সামগ্রিক ভ্রমণ সতর্কতা লেভেল-৩ (পুনর্বিবেচনা করে ভ্রমণ) থেকে কমিয়ে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ) নির্ধারণ করা হয়েছে।

এর ফলে আমেরিকার সর্বশেষ মূল্যায়নে বাংলাদেশ আগের তুলনায় ভ্রমণের জন্য অপেক্ষাকৃত নিরাপদ হিসেবে বিবেচিত হয়েছে।

সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের বৈঠকের পর এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়। বৈঠক শেষে সার্জিও গর খুদে বার্তার মাধ্যমে বিষয়টি পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টার পররাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভ্রমণ সতর্কতার এ পরিবর্তন বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি আমেরিকার আস্থা বৃদ্ধির প্রতিফলন। একই সঙ্গে এটি বাংলাদেশ ও আমেরিকার দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও শক্তিশালী করার ইতিবাচক ইঙ্গিত বহন করে।

সরকারের মতে, ভ্রমণ সতর্কতার উন্নয়ন দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের পারস্পরিক যোগাযোগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের ধারাবাহিক উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি।